মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেক (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী শাহেরা খাতুন (৫০) ও ছেলে শাহ আলম (৩৫) আহত হয়েছেন। আহতদের মধ্যে শাহেরা খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।১০ জুলাই শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার গোমতী ইউনিয়নের শান্তিপুর এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক স্থানীয় মৃত লাল মিয়ার ছেলে।নিহতের ছোট ভাই জলিল মিয়া জানান, বর্ষার কারণে রাস্তা ভেঙে যাওয়ায় পাশের বাড়ির ফজর আলী নামে এক ব্যক্তি আব্দুল মালেকের বাড়ির বারান্দায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতেন। বৃহস্পতিবার রাতে চার্জ শেষে তিনি মাল্টিপ্লাগটি জানালার গ্রিলে ঝুলিয়ে রেখে অটোরিকশা নিয়ে চলে যান। শুক্রবার দুপুরে মাল্টিপ্লাগ খুলতে গিয়ে আব্দুল মালেক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী ও ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত শাহেরা খাতুন ও শাহ আলমকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফ উদ্দিন জানান, শাহেরা খাতুনের অবস্থা আশঙ্কাজনক।মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। ঘটনাটি নিয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।