আন্তঃজেলা ডাকাত দলের সরদার আরোজ আলী গ্রেফতার
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় পুলিশের ছদ্মবেশী অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সরদার আরোজ আলী শেখ গ্রেফতার হয়েছেন।৫ আগস্ট বুধবার রাত ৮টার দিকে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ছদ্মবেশে জোকারচর গ্রামে অবস্থান নেয়। পরে অভিযান চালিয়ে আরোজ আলী শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আরোজ আলী শেখ কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামের হেমায়েত শেখের ছেলে।পুলিশ জানায়, আরোজ আলীর বিরুদ্ধে কালিয়া থানায় ৫টি, নড়াইল সদর থানায় ২টি, খুলনার দিঘলিয়া থানায় ১টি এবং গোপালগঞ্জ সদর থানায় ১টিসহ ডাকাতি, সন্ত্রাস, অস্ত্র ও চুরির অপরাধে আরও অনেক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তার গতিবিধির ওপর কঠোর নজরদারি রাখার পর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, ‘আরোজ আলী দীর্ঘদিন ধরে এলাকা ও আশেপাশের বিভিন্ন জেলায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ও ছদ্মবেশ ধারণ করে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তাকে জিজ্ঞাসাবাদ করে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্য সদস্যদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’