মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, ৮ হাজার টাকা জরিমানা
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করায় এক ডিলারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে বাজিতের পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিএডিসি ডিলার মেসার্স এস এন ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।কৃষকদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেখানে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। হাতেনাতে অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় বসে ভ্রাম্যমাণ আদালত।ভুক্তভোগী কৃষক জানান, আমরা সাধারণ কৃষকেরা সারের জন্য আসলে তারা সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি টাকা দাবি করে। বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছিল। প্রশাসন আসাতে ভালো হয়েছে।পরে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স এস এন ট্রেডার্সের প্রোপ্রাইটর মনতাজুর আলীকে ৮ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়।অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা।