পটুয়াখালীতে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সাকুরা পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হারুন গাজী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত আটজন।৬ জুন শনিবার রাত সোয়া ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া সেতুর উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।নিহত হারুন গাজী মহিপুরের নজিবপুর গ্রামের সত্তার গাজীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে ইজিবাইকটি পাখিমারা এলাকা থেকে ৯ জন যাত্রী নিয়ে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কলাপাড়া সেতুর ওপর অবস্থিত স্ট্যান্ডসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের ৯ জন যাত্রী গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আটজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রাত ১১টার দিকে হারুন গাজীকে বরিশালের নোভা ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে বরিশালে পাঠানোর পর একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।