নৌকায় রঙের কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত ২ শ্রমিক
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকায় রঙের কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে।১ জুলাই বুধবার বিকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে মো. ফরিদুল ইসলাম (২৫) ও জিন্নদ আলীর ছেলে মো. ইয়াছিন আলী (৩০)।স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর দুর্গম শুশুয়া চরে বুধবার বিকেলে তারা একসঙ্গে একটি নৌকায় রঙয়ের (আলকাতরা) কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যায়। পরে স্বজনরা খবর পেয়ে দুইজনের মরদেহ বাড়ি নিয়ে যান। এদিকে তাদের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুশুয়ার চরে বজ্রপাতে দুইজন দিনমজুরের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।