প্রথম বিবাহবার্ষিকীতে ট্রাকচাপায় বধূ নিহত, স্বামী হাসপাতালে
ডেস্ক রিপোর্ট: প্রথম বিবাহবার্ষিকীর দিন স্বামীর সঙ্গে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী শামীম মিয়া। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।১৫ আগস্ট শনিবার রাত ৮টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার সাতদরগাহ-রংপুর সড়কের কালীস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত লিজা আক্তার উপজেলার গুয়াবাড়ি গ্রামের ব্যবসায়ী লাভলু মিয়ার মেয়ে। তার স্বামী শামীম মিয়া অন্নদানগর ইউনিয়নের বামনসর্দার গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন লিজা। কালীস্থান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে লিজার মৃত্যু হয়। গুরুতর আহত শামীমকে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করতে পারলেও এর চালক ও সহকারী পালিয়ে যান।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।সূত্র: দৈনিক ইত্তেফাক