• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:২১:৫৬ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

নাঙ্গলকোটে নিখোঁজের ৪ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নিখোঁজের চারদিন পর জাহাঙ্গীর আলম নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার দৌলখাঁড় গ্রামের বাইন্না পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহটির শরীরে সাতটি ইট বাঁধা ছিল।নিহত জাহাঙ্গীর আলম নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের দপ্তরী বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি রোববার সকাল ৯টার দিকে জাহাঙ্গীর আলম তার চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে নাঙ্গলকোটের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে এবং ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরদিন তার স্ত্রী রাশেদা বেগম নাঙ্গলকোট থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।বৃহস্পতিবার সকালে স্থানীয়রা জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দৌলখাঁড় গ্রামের একটি নির্জন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘নিহতের স্ত্রী থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। মরদেহ উদ্ধারের পর আমরা নিশ্চিত হয়েছি, তাকে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’তিনি আরও জানান, নিহতের চালিত অটোরিকশাটি এখনো নিখোঁজ রয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান