পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫
পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন এবং ৩ জনকে আটক করেছেন পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আবু তালেবের ছেলে ময়েন উদ্দিন (৪৫) দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। নিহত গফুরের ছেলে আলমের সাথে মাদক কেনার টাকা ধার নিয়ে ঝগড়া হয়। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে ময়েন তার লোকজন নিয়ে আলমের বাড়িতে যায়। কথাকাটা কাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে।এ সময় আলমের পিতা আব্দুল গফুর (৭০), মৃত আবুল হোসেন এর ছেলে মানিক (৪৩), আবু তালেব এর ছেলে ময়েন উদ্দিন (৪৫), সেলিম এর স্ত্রী ময়ুরী খাতুন (৩৪) আহত হয়। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুরকে মৃত বলে ঘোষণা করেন ও গুরুতর আহত মানিককে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ময়েন উদ্দিন (৪৫), মানিক হোসেন (৪৩) ও সজিব (২৫) কে থানা পুলিশ আটক করে।এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নিহত ব্যক্তির ছেলে আলম এবং ময়েন উদ্দিনের মধ্যে টাকা পয়সা নিয়ে বিরোধ এর জের ধরে সংঘর্ষের আব্দুল গফুর নামে একব্যক্তি নিহত হয়েছে। জিজ্ঞাসা বাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।