জামালপুরে হোস্টেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহমেদ হল থেকে ২৭ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।১৩ সেপ্টেম্বর রোববার বেলা সাড়ে ১১টার দিকে হলের পিছনের দিকে ওই যুবকের মরদেহ দেখতে পায় অন্য শিক্ষার্থীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।পুলিশ ও হলের অন্য শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে সরকারি আশেক মাহমুদ কলেজের সজীব নামের অনার্স চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বাথরুম যাওয়ার সময় অজ্ঞাত ওই যুবককে গ্রিলের সাথে ঝুলে থাকতে দেখে। পরে সে অন্য শিক্ষার্থীদের ডাক দেয়। তারপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক ভাবে জানা যায় নিহত ওই যুবক সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র না।সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী সজীব বলেন, আমি বাথরুমে যাওয়ার সময় একজনকে ঝুলে থাকতে দেখি।পরে সবাই কে ডাক দেয়। তারপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।রায়ান নামের এক শিক্ষার্থী বলেন, এটা হত্যা না আত্মহত্যা সেটা তদন্ত করে দেখা উচিত। কারণ মরদেহ যেভাবে আছে সেটা দেখে বুঝা যাচ্ছে এটা খুন করা হয়েছে। কারণ একহাত রশি দিয়ে কেউ আত্মহত্যা করতে পারে না।পানাউল্লাহ আহমেদ হলের হল সুপার আব্দুল্লাহ আল জাবের বলেন, যে ছেলেটির মরদেহ উদ্ধার করা হয়েছে সে আমাদের হলের বা কলেজের কেউ না। কীভাবে কি হলো তা পুলিশ তদন্ত করে বের করবে।এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পিবিআই কে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।