চান্দিনায় বাসচাপায় পথচারী নিহত
কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্টে গিয়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মাধাইয়া এলাকার দোতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতিতে আসা স্টার লাইন পরিবহনের একটি বাসের সামনে পড়ে যান ওই পথচারী। তাকে বাঁচাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।এসময় পথচারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুতের খুঁটিটি ভেঙে পড়ে।ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে তা স্বাভাবিক হয়।তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।