হবিগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ধানক্ষেত থেকে আহম্মদ আলী সুজন (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১৯ আগস্ট বুধবার সকালে উপজেলার মিরাশী ইউনিয়নের রাখী গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত আহম্মদ আলী সুজন উপজেলার গাজীপুর ইউনিয়নের কালামণ্ডল গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিরাশী ইউনিয়নের রাখী গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন সুজন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে স্থানীয়রা রাখী গ্রামের একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে চুনারুঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আহম্মদ আলী সুজনের মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।