১৫ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৫ মাদকসেবীকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।২৮ আগস্ট শুক্রবার নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাতের আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের এ সাজা দেওয়া হয়।এর আগে ২৭ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন চিত্তরঞ্জন ঘাট ও বিহারী ক্যাম্পের আশপাশের বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধার ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। অভিযানে মোট ১৫ জনকে আটক করা হয়।অভিযানে আটক ও সাজাপ্রাপ্তরা হলেন রুবেল (২৮), আলম (৬০), আসলাম (৬৫), জাহাঙ্গীর আলম (৩০), আল আমিন (২৪), মিজানুর রহমান (৫২), পাভেল (২৮), জুয়েল (৩০), হাবুল মৃধা (২৮), মাসুম (৩৫), রাকিব (২২), শাকিল (২০), রুপ মিয়া (৬৫), কবির হোসেন (৩৫) ও পারভেজ (২৪)।তাদের মধ্যে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দার পাশাপাশি কুমিল্লা, ভোলা ও রূপগঞ্জের বাসিন্দাও রয়েছেন।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ১৫ জনকে আটক, কারাদণ্ড ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।