মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।৮ আগস্ট শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাতে তারা মিয়াসহ ৪-৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন।পরে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপন করেন।স্থানীয় সূত্রের দাবি, তারা মিয়াসহ ওই যুবকেরা ভারতীয় নাসিরপাতার বিড়ি আনতে সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে মাগুরুলী এলাকায় প্রবেশ করেছিলেন।বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গুলির শব্দ পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়। পরে বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।সূত্র: যুগান্তর