আড্ডা দেয়ার সময় নদীর পাড়ে ধস, বিজিবি সদস্যসহ নিখোঁজ ২
ডেস্ক রিপোর্ট: ভোলার সদর উপজেলায় মেঘনা নদীর তীরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময় পাড় ধসে পাঁচজন নদীতে পড়ে যান। এ ঘটনায় তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বিজিবি সদস্যসহ দুজন নিখোঁজ রয়েছেন।নিখোঁজ দুজন হলেন—ভোলা পৌরসভার কালিবাড়ি রোড এলাকার বাসিন্দা ইব্রাহিমের ছেলে ও বিজিবি সদস্য মো. আমজাদ (২৮) এবং শিবপুর ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকার সর্দার বাড়ির বাসিন্দা বাবুলের ছেলে মো. রাকিব (২৬)।৯ সেপ্টেম্বর বুধবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকার ‘গরিবের দুবাই’খ্যাত মেঘনা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আমজাদ, রাকিব, ফাহিম, শাওনসহ মোট পাঁচ বন্ধু মেঘনা নদীর তীরে বসে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে নদী তীর সংরক্ষণে পানি উন্নয়ন বোর্ডের স্থাপন করা জিওব্যাগসহ তীরের একটি অংশ হঠাৎ নদীতে ধসে পড়ে। এতে পাঁচজনই খরস্রোতা মেঘনায় পড়ে যান।তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে আমজাদ ও রাকিব নদীতে নিখোঁজ হন। উদ্ধার হওয়া তিনজনের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে নিখোঁজদের উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি কোস্টগার্ড ও নৌ-পুলিশকে জানানো হয়।খবর পেয়ে নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে রাত পর্যন্ত নিখোঁজ দুজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে ভোলার ইলিশা নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, নিখোঁজ দুজনের সন্ধানে নৌ-পুলিশ ও কোস্টগার্ড নদীতে উদ্ধার অভিযান চালিয়েছে। তবে তাদের কোনো হদিস পাওয়া যায়নি।রাত ১২টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মেঘনা নদীতে নিখোঁজ আমজাদ ও রাকিবের সন্ধান মেলেনি।সূত্র: ঢাকা পোস্ট