বাবা-মায়ের পর মারা গেলেন মেয়ে তামান্নাও, প্রাণহানি বেড়ে ৪
ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় বাবা-মায়ের মৃত্যুর পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন তাদের মেয়ে তামান্না খাতুন (১৬)। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।যুগান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, ৫ জুন শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তামান্নার মৃত্যু হয়।নিহতরা হলেন বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মো. মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫), তাদের মেয়ে কলেজছাত্রী তামান্না খাতুন (১৬) এবং ভ্যানচালক মো. নুরু (৪৫)।এর আগে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমাম জানান, একটি ব্যাটারিচালিত অটোভ্যানের এক্সেল ভেঙে সড়কে বিকল হয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে এনায়েতপুরগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি দ্রুতগতির বাস ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোভ্যানচালক নুরু নিহত হন।গুরুতর আহত অবস্থায় মোতালেব সরকার, তার স্ত্রী ফজিলা খাতুন এবং মেয়ে তামান্নাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোতালেব ও ফজিলা। পরে উন্নত চিকিৎসার জন্য তামান্নাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তারও মৃত্যু হয়।