• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:২৪:০৮ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

ব্রাজিল থেকে ফ্রান্সে, সংবর্ধনা দিল আর্জেন্টিনা

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. আহমেদ সৌরভ ব্রাজিল ছেড়ে ফ্রান্সের সমর্থক হয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি ফরিদপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করব জয়’ এর সভাপতি।১১ জুন বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা স্কুলের পিছনের মাঠে ২০ বছরের প্রিয় দল ব্রাজিলের জার্সি খুলে তিনি গায়ে দিয়েছেন ফ্রান্সের জার্সি। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে নিজেকে গোলাপ জলে ধুয়ে পরিশুদ্ধ করেন তিনি। এ সময়ে উপস্থিত আর্জেন্টিনার সমর্থকরা খুশি এজন্য যে, তিনি অন্তত ব্রাজিল ছেড়েছেন।আহমেদ সৌরভ বলেন, ২০ বছরের ভালোবাসার দল ব্রাজিল ছেড়ে আজ ফ্রান্সের সমর্থক হলাম। স্বেচ্ছায় সজ্ঞানে আমি আজ থেকে ফ্রান্সের সমর্থক হিসেবে নিজেকে ঘোষণা করছি। ব্রাজিল ছেড়েছি ঠিকই কিন্তু আমি আর্জেন্টিনায় যাব না, বরং তাদের শক্ত প্রতিপক্ষ ফ্রান্সের সমর্থক হয়েছি।তিনি বলেন, আমরা পত্র পত্রিকায় ফেসবুকে দেখি এই ফুটবল খেলা নিয়ে বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে মারামারি হাতাহাতি ঝগড়াঝাঁটি হচ্ছে। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। খেলাধুলা, বিশেষ করে ফুটবল একটি বিশুদ্ধ বিনোদন এবং শরীর মন সুস্থ রাখার একটি মাধ্যম।তিনি আরও বলেন, এই ব্রাজিলকে সমর্থন করার কারণে বহু লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছি অপরপক্ষের। এখন মনে হল প্রেমিকাকে ছেড়ে নতুন পথে পাড়ি জমাতে হবে। নতুন ভালোবাসার সন্ধান করতে হবে। ওই ভালোবাসার জায়গা থেকেই ফ্রান্সকে বাছাই করা। আমার চারপাশে দেখছেন আর্জেন্টিনার অনেক ভাইয়েরা জড়ো হয়েছেন। তারা আমাকে অনেক প্রলোভন দেখিয়েছেন, অনেক সুব্যবস্থা থাকবে আমার জন্য, বলেছেন এসব। কিন্তু আমি সেই ফাঁদে পা দিইনি। আমি জীবনের শেষ দিন পর্যন্ত ফ্রান্সের সমর্থক থাকবো আশা করি। ২০২৬ এর বিশ্বকাপ ফ্রান্সের হাতেই যাবে, আমার বিশ্বাস।জার্সি বদল শেষে উপস্থিত শিক্ষার্থীদের মিষ্টির বিতরণ করেন আহমদ সৌরভ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান