নওগাঁয় ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রকৌশলী নিহত
ডেস্ক রিপোর্ট: নওগাঁ-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার হাঁপানিয়া বাজার এলাকায় ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নওগাঁ সড়ক বিভাগের এক উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাত বছরের মেয়ে গুরুতর আহত হয়েছে।নিহত প্রকৌশলীর নাম রাশেদুজ্জামান (৪৩)। তিনি নওগাঁ সড়ক বিভাগের পত্নীতলা উপবিভাগীয় কার্যালয়ের অধীনে মহাদেবপুর উপজেলার সেকশনাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়।১৯ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ শহর থেকে কাজ শেষে স্ত্রী তানজিনা আলম তিশা ও সাত বছরের মেয়ে রুমাইসা জামানকে নিয়ে রিজার্ভ সিএনজিচালিত অটোরিকশায় মহাদেবপুরের নিজ বাসায় ফিরছিলেন রাশেদুজ্জামান। পথে নওগাঁ ফিলিং স্টেশনের সামনে ড্রাম ট্রাকটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনায় রাশেদুজ্জামান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মেয়ে রুমাইসা জামানও গুরুতর আহত হয়।আহত রুমাইসাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ২০ সেপ্টেম্বর রোববার সকালে তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পর রাশেদুজ্জামানের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়। এ ঘটনায় সড়ক বিভাগের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।তিনি আরও জানান, স্বজন ও সড়ক বিভাগের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।সূত্র: এনটিভি