• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:২৪:৫১ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

মুরাদনগরে ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে একটি ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম (৩৫) নামে এক কলেজ শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১৩ মার্চ শুক্রবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজারের সেলিম ডাক্তারের ভবনের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিক্ষক সাইফুল ইসলাম জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। তিনি অবিবাহিত ছিলেন এবং একাই ওই বাসায় থাকতেন বলে জানা গেছে।কলেজ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ নভেম্বর থেকে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিষয়ের খন্ড কালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন সাইফুল ইসলাম।পাশের ভাড়াটিয়ারা জানান, গত ৮ মার্চ রোববার শিক্ষার্থীরা এসে ডাকাডাকি করেছে, ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে শিক্ষার্থীরা চলে যায়। পরে ১৩ মার্চ শুক্রবার দুপুরে তার বাসা থেকে  দুর্গন্ধ বের হলে আশেপাশের লোকজন পুলিশকে খবর দেন। বিকেলে পুলিশ এসে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, ‘গত ৫ মার্চ কলেজে ক্লাস করেছে, এর পর থেকে আর কোনো যোগাযোগ ছিল না। প্রায় সময় কাউকে কিছু না বলে কলেজে অনুপস্থিত থাকতেন তিনি।’এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ‘দরজা ভিতর থেকে লাগানো ছিল। দুই দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেছি। মরদেহে পচন ধরেছে, মনে হচ্ছে চার-পাঁচ দিন আগে মারা গেছেন। কী কারণে মারা গেছেন তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।’