টিউবওয়েলের পানি পান করে বিষক্রিয়ায় ৪০ শিক্ষার্থী হাসপাতালে
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে একটি বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে ৪০ শিক্ষার্থী। ২৩ জুন মঙ্গলবার সকালে উপজেলার মামুদনগর উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৩১ জনকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে ২ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত ৪০ শিক্ষার্থীর মধ্যে ২৯ জন নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে বিশ্রামে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ভর্তি শিক্ষার্থীদের সবাই শঙ্কামুক্ত এবং তাদের অবস্থার উন্নতি হয়েছে।এদিকে ঘটনার খবর পেয়ে নাগরপুর-দেলদুয়ার আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু জাতীয় সংসদের অধিবেশন শেষে রাতেই হাসপাতালে ছুটে যান। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী মনোয়ারা মুকুল। তিনি হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদীরের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানেন।এ সময় এমপি রবিউল আওয়াল লাভলু অসুস্থ শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির আশ্বাস দেন অভিভাবক ও স্থানীয়দের।