সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ পৌঁছাল নিজ গ্রামে
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ নিজ নিজ গ্রামে পৌঁছেছে।২৭ আগস্ট বৃহস্পতিবার রাতে এসব মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩০’ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে নিহতদের স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, বাকি সাতজনের মরদেহও দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হবে।গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। পরে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের মরদেহ দেশে পাঠানো হয়।শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। তারা হলেন—উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার।এ ছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিনের মরদেহও দেশে এসেছে।পরিবারের ভাগ্য বদলের আশায় সৌদি আরবে পাড়ি জমানো এসব প্রবাসীর মৃত্যুতে স্বজন ও নিজ নিজ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।সূত্র: চ্যানেল২৪