ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশীদ ইয়াছিন। তবে দলীয় সিদ্ধান্তে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। পরবর্তীতে নতুন মন্ত্রিসভায় টেকনোক্রেট কোটায় মন্ত্রী হিসেবে স্থান পেয়ে তার রাজনৈতিক জীবনে নতুন মোড় আসে।

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন নবগঠিত সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন হাজি আমিনুর রশীদ ইয়াছিন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েও তা পাননি ইয়াছিন। এরপর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন এবং প্রস্তুতিও শুরু করেন। তবে দলের চেয়ারম্যান দেশে ফিরে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় তাকে।
আমিনুর রশীদ ইয়াছিন বর্তমানে কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে মঙ্গলবার বিকেলে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৫০ সদস্যের মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available