খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদ্যাপন
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন করা হয়েছে।নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত এই বর্ণিল অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। সকাল থেকেই শিক্ষার্থীদের রঙিন পোশাক, আলপনা এবং বৈশাখী সাজে ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।অনুষ্ঠানের শুরুতে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতীক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা নৃত্য, গান, আবৃত্তি ও নাটিকার মাধ্যমে বাঙালির ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে। বৈশাখী গান ও লোকজ পরিবেশনায় দর্শকদের মধ্যে বাড়তি আনন্দের সঞ্চার হয়।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগী মামুনুর রশিদ আকন্দ। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড বিএনপির নেতা হারুনার রশিদ, বেলাল হোসেন, এ্যাড. মুক্তাসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী অভিবাবকবৃন্দ।এসময় বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, বাঙালীর হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক এই পহেলা বৈশাখ। নতুন বছরের আগমনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।