প্রাথমিক বিদ্যালয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা সিদ্ধ ডিম খেয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।১ জুলাই বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের ৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।শিক্ষার্থীদের অভিভাবক ও হাসপাতাল সূত্রে জানা যায়, স্কুল ফিডিং কর্মসূচির অংশ হিসেবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দুপুরের টিফিনে সিদ্ধ ডিম দেওয়া হয়। ডিম খাওয়ার কিছুক্ষণ পরই ১১ শিক্ষার্থী পেটব্যথা ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। পরে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের উদ্ধার করে শরণখোলার রায়েন্দা পাঁচ রাস্তার মোড় এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।গ্রামীণ জেনারেল হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শাকিল কায়সার জানান, আক্রান্ত শিক্ষার্থীদের স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।খাদ্য সরবরাহকারী আলিম আল রাজী মুক্তি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে ডিম সরবরাহ করা সম্ভব হয়নি। পরে রোববার বিদ্যালয়ে ডিম পৌঁছে দেওয়া হয়। ওই ডিম বুধবার সিদ্ধ করে পরিবেশন করা হয়েছে এবং এর মধ্যে কিছু ডিম নষ্ট থাকতে পারে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, রোববার সরবরাহ করা ডিম থেকেই শিক্ষার্থীদের জন্য খাবার প্রস্তুত করা হয়েছিল। ডিমের কিছু অংশে সমস্যা থাকায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনির আহমেদ জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।