অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যার অভিযোগে গ্রেফতার ১
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে মাত্রাই বাজার থেকে মাঠে ডেকে নিয়ে নির্যাতন করে আব্দুল হান্নান(৪২) নামে একজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তহিদুল ইসলাম(৪০) নামে একজনকে গ্রেফতার করেছে কালাই থানা পুলিশ।২০ জুলাই সোমবার রাত ২টায় কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের মশপুকরা ব্রিজে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ২১ জুলাই মঙ্গলবার নিহতের ছেলে আজাদুল ইসলাম বাদী হয়ে কালাই থানায় হত্যা মামলা দায়ের করেন, মামলার এজাহারে অভিযুক্ত ছয়জনের মধ্যে তহিদুল ইসলাম নামে একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যান্য আসামীরা হলেন আজিজুল ইসলাম, বকুল, বাবলু, মুছা ও নাহিদ ইসলাম।স্থানীয় ও নিহতের ছেলে সূত্রে জানা গেছে, মাত্রাই বাজার থেকে বাসায় ফেরার পথে আব্দুল হান্নানকে পথ রোধ করে পাশে ডেকে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে তাকে মাঠের মধ্যে নিয়ে যান আসামিরা। এরপর হান্নানের অন্ডকোষে রশি দিয়ে বেঁধে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। নির্যাতনের একপর্যায়ে হান্নানকে হত্যার উদ্দেশ্যে মুখে পয়জন ঢেলে দেওয়া হয়।বিষয়টি জানাজানি হলে তার ছেলে আজাদুল ঘটনাস্থলে পৌঁছে তার বাবাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নিজ অটোতে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরে নিহতের ছেলের দায়ের করা মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে৷