ডেস্ক রিপোর্ট: পাবনার চাটমোহরে বালুবোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। ২৯ নভেম্বর রোববার ভোর ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।
দুর্ঘটনায় আহত দুজন হলেন মহেলা গ্রামের নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং শুকুরভাঙ্গা গ্রামের আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫)। তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কৃষিপণ্য নিয়ে কয়েকজন আব্দুল মমিনের ব্যাটারিচালিত অটোভ্যানে করে চাটমোহর রেলবাজারের অমৃতকুণ্ডা হাটে যাচ্ছিলেন। পথে ভাদড়া বাইপাস এলাকায় পৌঁছালে ভ্যানটির শ্যাফট ভেঙে যায়। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আব্দুল মমিন ও যাত্রী নজরুল হোসেনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোভ্যান জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available