সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বিষাক্ত কেমিক্যাল ও কাপড়ের রং ব্যবহার করে সেমাই তৈরি ও বাজারজাত করার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইতোমধ্যে প্রায় ২৫ লাখ টাকার সেমাই বাজারজাত করা হয়েছে এবং আরও প্রায় ২৫ লাখ টাকার সেমাই উৎপাদনের কাজ চলছে।
৮ মার্চ রোববার দুপুরে সরেজমিনে আদমজী বিহারী কলোনীর শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার ২শ লাইনের ১ নম্বর গলিতে পারুল ও তার স্বামী ছাবির পরিচালিত একটি সেমাই কারখানায় এমন চিত্র দেখা গেছে।


সরেজমিনে দেখা যায়, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করা হচ্ছে। কারখানার ভেতরে মশা-মাছি ও তেলাপোকার উপদ্রব দেখা যায়। অপরিষ্কার পরিবেশে খোলা অবস্থায় সেমাই তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি মহলের আশ্রয়ে ওই দম্পতি দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে আসছেন। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে এসব সেমাই নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বাজারজাত করছেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী।
বিহারী ক্যাম্পের বাসিন্দা মো. মুন্না বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই সেমাই এলাকার মানুষসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে।’
একই এলাকার বাসিন্দা শাহ আলম বলেন, ‘দুই দিন আগে প্রশাসন জরিমানা করলেও তারা আবারও একইভাবে সেমাই তৈরি ও বিক্রি করছে।’
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, গত ৫ মার্চ বৃহস্পতিবার ওই কারখানায় অভিযান চালিয়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তবে অভিযোগ রয়েছে যে তারা আবারও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available