পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সাকুরা পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হারুন গাজী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত আটজন।
৬ জুন শনিবার রাত সোয়া ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া সেতুর উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন গাজী মহিপুরের নজিবপুর গ্রামের সত্তার গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে ইজিবাইকটি পাখিমারা এলাকা থেকে ৯ জন যাত্রী নিয়ে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কলাপাড়া সেতুর ওপর অবস্থিত স্ট্যান্ডসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের ৯ জন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আটজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রাত ১১টার দিকে হারুন গাজীকে বরিশালের নোভা ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে বরিশালে পাঠানোর পর একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available