• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৭:৪০:৫৪ (20-Apr-2026)
  • - ৩৩° সে:

ছাতকে প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।১৯ এপ্রিল রোববার থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে, ১৮ এপ্রিল শনিবার দিবাগত রাতে বিদ্যালয়ের প্রধান ফটক ও শ্রেণিকক্ষের দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা এ চুরি সংঘটিত করে। এ সময় বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ থেকে মোট ১১টি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়।বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পিংকি ব্যানার্জি জানান, শনিবার রাতের কোনো এক সময়ে চুরির ঘটনাটি ঘটে। এর আগেও একাধিকবার বিদ্যালয়ে চুরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দ্রুত নৈশপ্রহরী নিয়োগ না দিলে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা কঠিন হবে।খবর পেয়ে রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক ও স্কুল পরিচালনা কমিটির সদস্য মুজাহিদুর রহমান হিরা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি মোশাহিদ আলী, যুবদল নেতা ফারুক খান এবং ইউপি সদস্যা রুপ্তন মালা।এ সময় তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।