• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:৫৪:৩১ (11-Aug-2026)
  • - ৩৩° সে:
সাতক্ষীরায় শিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে গণপিটুনিতে হত্যা

সাতক্ষীরায় শিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে গণপিটুনিতে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতার গণপিটুনিতে এক সন্দেহভাজন নারীর মৃত্যু হয়েছে।২০ জুলাই সোমবার রাতে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।নিহত ফারজানা সুলতানা (৯) কাজলা মাঝেরপাড়া গ্রামের লতিফ উদ্দিনের মেয়ে। সে কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফারজানা প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায়। ছুটি শেষে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি কালিগঞ্জ থানাকে জানানো হয়।খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নির্দেশে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অনুসন্ধান শুরু করে। পরে সন্ধ্যা প্রায় ৭টার দিকে বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করা সুমাইয়া (২৬), স্বামী আমিরুলের বসতঘর থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়।ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, ক্ষুব্ধ জনতা সন্দেহভাজন সুমাইয়াকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।স্থানীয়দের প্রাথমিক ধারণা, ফারজানার কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’