ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর ৩১তম প্রধান (চিফ অব দ্য আর্মি স্টাফ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রযুক্তিনির্ভর, আধুনিক এবং ‘ভবিষ্যৎ-প্রস্তুত’ সেনাবাহিনী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।৩০ জুন মঙ্গলবার সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেওয়া প্রথম বক্তব্যে জেনারেল শেঠ বলেন, এই দায়িত্ব গ্রহণের মুহূর্তটি তার জন্য অত্যন্ত গর্ব ও বিনয়ের। তিনি ‘দায়িত্ব, সম্মান এবং সবার আগে দেশ’ এই আদর্শ অনুসরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।তিনি বলেন, ‘আমি দায়িত্ব, সম্মান এবং সবার আগে দেশের আদর্শের প্রতি অটল প্রতিশ্রুতি নিয়ে এই দায়িত্ব গ্রহণ করছি।’ একই সঙ্গে সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।নতুন সেনাপ্রধান দেশের সেবায় আত্মোৎসর্গকারী সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের সাহস, পেশাদারিত্ব এবং আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের সেনাসদস্যদের অনুপ্রাণিত করবে।দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে জেনারেল ধীরাজ শেঠ বলেন, ভবিষ্যতের যুদ্ধ ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত বাহিনীতে রূপান্তর করা হবে।তিনি জানান, এই লক্ষ্য বাস্তবায়নে পাঁচটি মূল উপাদান নিয়ে গঠিত ‘বিজয়’ (VIJAY) ভিশন অনুসরণ করা হবে। যুদ্ধের পরিবর্তিত বাস্তবতায় প্রযুক্তি, উদ্ভাবন এবং সমন্বিত সক্ষমতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্ষম ও প্রস্তুত করে তোলা হবে।সূত্র: এনডিটিভি।