মার্কিন বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও একটি ডেস্ট্রয়ার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।৬ সেপ্টেম্বর রোববার ভোরে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হামলায় দুটি মার্কিন যুদ্ধজাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরে সেগুলো ওই এলাকা ছেড়ে যায়।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি দাবি করে, দুটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইরানের দাবি, জাহাজ দুটি ইরানি নৌযানকে তাড়া করছিল এবং সামুদ্রিক অবরোধে অংশ নিয়েছিল।আইআরজিসি আরও দাবি করে, হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর মার্কিন যুদ্ধজাহাজ দুটি ওই এলাকা ছেড়ে যায়। পাশাপাশি, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দুটি নৌযান লক্ষ্য করে ইরানের হামলার বিষয়টি স্বীকার করেছে বলেও দাবি করেছে তারা।তবে সেন্টকমের বক্তব্য অনুযায়ী, আঞ্চলিক জলসীমায় টহলরত দুটি মার্কিন নৌযান লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। মার্কিন বাহিনীর দাবি, দুটি যুদ্ধজাহাজই হামলা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে এবং এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।এর আগে শনিবার আইআরজিসি নৌবাহিনী দাবি করে, হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার এবং অন্য এলাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি নৌযানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।আইআরজিসির দাবি, ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার জবাবেই এসব অভিযান চালানো হয়েছে।অন্যদিকে, সেন্টকম জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন বাহিনী তিনটি ইরানি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।ইরানি ও মার্কিন বাহিনীর পাল্টাপাল্টি হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।সূত্র : আনাদোলু এজেন্সি