আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। একই সঙ্গে এ ধরনের অভিযোগ থেকে বিরত থাকতে আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
১৯ আগস্ট বুধবার এক বিবৃতিতে ইউএইর অভিযোগের প্রতিক্রিয়া জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, এ ধরনের অভিযোগ ভালো প্রতিবেশীসুলভ নীতি এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা তৈরির প্রচেষ্টার পরিপন্থি।
বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অব্যাহত অপতৎপরতার’ কারণে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা এমনিতেই জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। এর মধ্যে অতীতে ‘ফলস-ফ্ল্যাগ’ বা অন্য পক্ষের নামে পরিচালিত অভিযানেরও নজির রয়েছে বলে দাবি করেন তিনি।
ইরানের এই মুখপাত্র আঞ্চলিক সব পক্ষকে ইরানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ অভিযোগ না তোলার আহ্বান জানান। তাঁর মতে, এ ধরনের অভিযোগ আঞ্চলিক নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দিতে পারে এবং দেশগুলোর মধ্যে আস্থা বাড়ানো ও উত্তেজনা কমানোর প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
এর আগে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, ইরান থেকে দেশটির দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইউএইর ভাষ্য অনুযায়ী, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র দুটি শনাক্ত করে। এর একটি আঞ্চলিক জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে গিয়ে পড়ে।
তবে ইউএইর এই দাবির সত্যতা অস্বীকার করেছে তেহরান। ইরানের বক্তব্য, এ ধরনের অভিযোগ আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available