আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দিকে ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
১৮ আগস্ট মঙ্গলবার এক বিবৃতিতে আমিরাতের মন্ত্রণালয় জানায়, ইউএইর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এর মধ্যে একটি দেশের আঞ্চলিক জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে গিয়ে পড়ে।
এর আগে ইউএইর জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাসিন্দাদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে সতর্ক করে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানায়।
ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত। রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। এর আগে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান থেকে আসা বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত এবং অনেকগুলো ধ্বংস করা হয়েছে।
তবে মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available