• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪০:৩৩ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানে পাল্টা হামলা ইসরায়েলের

৮ জুন ২০২৬ সকাল ০৮:০৫:২৮

ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানে পাল্টা হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে এবং সম্ভাব্য বৃহত্তর সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, পশ্চিম ও মধ্য ইরানে অবস্থিত কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে কোন কোন স্থাপনায় হামলা হয়েছে বা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, রাজধানী তেহরান ছাড়াও তাবরিজ ও ইসফাহান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সূত্রগুলোও এসব এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার খবর দিয়েছে।

এর আগে রোববার রাতে উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জবাব হিসেবেই এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে এবং এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইরানের হামলার পর তাৎক্ষণিক পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা শুরু হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সংযত থাকার আহ্বান জানান। তেহরানের সঙ্গে সম্ভাব্য একটি কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটনকে আরও সময় দেওয়ার অনুরোধও করেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, ট্রাম্পের অনুরোধে নেতানিয়াহু তাৎক্ষণিক বড় ধরনের পাল্টা হামলা থেকে আপাতত বিরত থাকার ইঙ্গিত দিয়েছিলেন। তবে সর্বশেষ ইসরায়েলি হামলা ইঙ্গিত দিচ্ছে যে, তেহরান ও তেল আবিবের মধ্যে উত্তেজনা এখনো প্রশমিত হয়নি।

বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনা পুরো মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক উদ্যোগও নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

এদিকে, সর্বশেষ হামলার বিষয়ে ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে এখনো বিস্তারিত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আল জাজিরা
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us