আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ১৬ আগস্ট রোববার ভোরের এসব হামলায় কিয়েভের অন্তত দুটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলায় মোট ১৩ জন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
রুশ কর্তৃপক্ষের দাবি, মস্কো অভিমুখে উড়ে আসা বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোর কাছে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থলে জরুরি সেবার কর্মীরা কাজ করছেন।
অন্যদিকে, কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, হামলায় অন্তত একজন আহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় একটি এলাকায় ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। শহরের কেন্দ্রের দক্ষিণেও আগুন লাগার খবর পাওয়া গেছে।
এ ছাড়া ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ক্রিভি রিহ শহরেও রুশ হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে সেখানে একজন নিহত ও ছয়জন আহত হওয়ার কথা জানানো হয়েছে।
এর আগে ১৪ ও ১৫ আগস্টের মধ্যবর্তী রাতেও ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সামরিক স্থাপনা ও সরঞ্জামকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে। ইউক্রেনের জেনারেল স্টাফের ভাষ্য অনুযায়ী, সাময়িকভাবে রুশ নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কয়েকটি গুদাম ও দুটি কমান্ড পোস্টে হামলা চালানো হয়।
ইউক্রেনের দাবি, রুশ সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই এসব হামলা চালানো হয়েছে। তবে যুদ্ধরত দুই পক্ষের দেওয়া এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, ইউক্রেনের দূরপাল্লার হামলার জবাবে রাশিয়াও সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন শহর ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চার বছরের বেশি সময়ে দুই দেশই একে অপরের ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার গভীরে ইউক্রেনের হামলা এবং তার জবাবে ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার মাত্রা আরও বেড়েছে।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available