• ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:২১:১২ (18-Jul-2026)
  • - ৩৩° সে:

হরমুজ নিয়ে উত্তেজনায় উদ্বেগ, সংঘাত বন্ধের আহ্বান চীন ও পাকিস্তানের

১৮ জুলাই ২০২৬ সকাল ০৮:৪০:২৩

হরমুজ নিয়ে উত্তেজনায় উদ্বেগ, সংঘাত বন্ধের আহ্বান চীন ও পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন ও পাকিস্তান। দুই দেশই ওয়াশিংটন ও তেহরানকে অবিলম্বে সামরিক সংঘাত বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

১৭ জুলাই শুক্রবার চীনের সাংহাইয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দারের বৈঠকের পর যৌথভাবে এ আহ্বান জানানো হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে দুই দেশই গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে শত্রুতা বন্ধ করে সংলাপে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দুই মন্ত্রী যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতা এবং সংশ্লিষ্ট প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, সামরিক উত্তেজনা না বাড়িয়ে কূটনৈতিক উদ্যোগকে এগিয়ে নেওয়াই বর্তমান সংকট নিরসনের একমাত্র কার্যকর পথ।

বৈঠক শেষে ওয়াং ই বলেন, গত মাসে অর্জিত কূটনৈতিক অগ্রগতি কোনোভাবেই নষ্ট হতে দেওয়া উচিত নয়। তিনি যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতাকে ‘কষ্টার্জিত অর্জন’ উল্লেখ করে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান।

অন্যদিকে, ইশহাক দার ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে অংশ নিতে সাংহাই সফর করেন। সফরকালে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি এবং উত্তেজনা প্রশমনে সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগ নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়।

এদিকে একই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। ইরানের দাবি, মার্কিন হামলায় বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের ঘটনাও ঘটেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা জোরদারের কথা জানিয়েছে।

মার্কিন হামলার জবাবে ইরান নতুন করে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ারি দিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

চীন ও পাকিস্তান তাদের যৌথ বিবৃতিতে সতর্ক করে বলেছে, দ্রুত সংলাপ শুরু না হলে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই সব পক্ষকে সংযম প্রদর্শন, যুদ্ধবিরতি মেনে চলা এবং কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে দুই দেশ।

সূত্র: সামা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us