• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩৩ সকাল ১০:২৬:৫৪ (12-Oct-2026)
  • - ৩৩° সে:
হরমুজ নিয়ে ওয়াশিংটনের জবাব যথেষ্ট নয়: তেহরান

হরমুজ নিয়ে ওয়াশিংটনের জবাব যথেষ্ট নয়: তেহরান

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং পারমাণবিক আলোচনা শুরুর বিষয়ে ইরানের দেওয়া সাত দিনের প্রস্তাবের জবাবকে ‘যথেষ্ট নয়’ বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি রোববার এ কথা জানান।ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, কাতার, পাকিস্তান ও ইরাকের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। তবে ওয়াশিংটনের জবাব পাওয়ার পর তেহরান আর পাল্টা জবাব দেওয়ার প্রক্রিয়ায় নেই।সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ইরান সাত দিনের এই প্রস্তাব দেয়। প্রস্তাব অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার কথা বলা হয়। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের তেল বিক্রির ওপর বিধিনিষেধ শিথিল এবং আঞ্চলিক যুদ্ধবিরতি পুনর্বহাল করতে হবে।রেজায়ি জানান, যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি শর্ত মেনে নিয়েছে। তবে যেসব বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে, সেগুলোতে ওয়াশিংটনকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। এ বিষয়ে তার বক্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস।ইরানের প্রস্তাবের ভিত্তি হিসেবে রয়েছে গত ১৭ জুন ইসলামাবাদে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক। ওই সমঝোতায় সামরিক অভিযান বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য একটি অন্তর্বর্তী কাঠামো নির্ধারণ করা হয়েছিল। তেহরান এখন সেই কাঠামোর আওতায় আরও বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে চাইছে।তবে দুই দেশের মধ্যে সমঝোতার পথে বড় বাধা হয়ে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রশ্ন। আগের আলোচনায় ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে সিদ্ধান্ত পরবর্তী সময়ে নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু ইরান এখনো নিজ দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা কিংবা মজুত করা উপাদান দেশের বাইরে পাঠানোর দাবি প্রত্যাখ্যান করে আসছে।হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এ প্রণালি পুনরায় চালু করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা না হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও তেলের দামের ওপর চাপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।সূত্র: শাফাক নিউজ, তাসনিম নিউজ এজেন্সি