• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ সকাল ১১:১৩:১৫ (29-Apr-2026)
  • - ৩৩° সে:
হরমুজ প্রণালী খোলা ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

হরমুজ প্রণালী খোলা ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।২৭ এপ্রিল সোমবার একজন মার্কিন কর্মকর্তা এবং আলোচনা সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে রয়টার্স জানায়, ইরান পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া ও যুদ্ধ বন্ধের প্রস্তাব পাঠিয়েছে। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়টি পরবর্তী পর্যায়ে নেওয়ার কথা বলেছে তেহরান।রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, চলমান উত্তেজনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। ওই ঘটনার পর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। একই সময়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে দেশটি।পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। বর্তমানে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। আলোচনার অংশ হিসেবে যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছিল, তবে পরবর্তীতে একটি মার্কিন পতাকাবাহী জাহাজ জব্দের ঘটনায় আবারও প্রণালীটি বন্ধ করা হয়।এদিকে যুদ্ধবিরতি আলোচনার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। পাকিস্তান সফর শেষে তিনি বর্তমানে মস্কোর উদ্দেশে রয়েছেন।