আন্তর্জাতিক ডেস্ক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বৈশ্বিক সংকট মোকাবিলা সম্ভব— বলে মন্তব্য করেছেন বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে। দিল্লিতে ৩ দিনের জাতীয় নিরাপত্তা প্রধানদের বৈঠকের আগে যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তিনি জানান, সদস্য দেশগুলোর মধ্যে সড়ক যোগাযোগ ও ব্লু ইকোনোমি সম্প্রসারণে বিমসটেক কাজ করছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করেছে উল্লেখ করে বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডে বলেন, এ পরিস্থিতিতে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করতে চায় বিমসটেক। জ্বালানি, খাদ্য নিরাপত্তা, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার মতো সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতাই এখন সবচেয়ে কার্যকর পথ। সদস্য রাষ্ট্রগুলো পারস্পরিক সহযোগিতার জন্য যেসব খাত নির্ধারণ করেছে, সেগুলোই এগিয়ে নিচ্ছি আমরা।
তিনি বলেন, কয়েক বছর আগে আঞ্চলিক সহযোগিতার নতুন খাত হিসেবে আমরা ব্লু ইকোনমি অন্তর্ভুক্ত করেছি। এর মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বাড়বে। ২০২২ সালে সদস্য রাষ্ট্রগুলো পরিবহন সংযোগের একটি মাস্টার প্ল্যান অনুমোদন করে। গত বছর এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় সেটি পর্যালোচনা করা হয়। দেখা গেছে, পরিকল্পনাভুক্ত প্রায় ৬০ শতাংশ প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এটি শুধু সড়ক ও স্থল যোগাযোগ নয়। সামুদ্রিক যোগাযোগ, বিমান যোগাযোগ, ডিজিটাল সংযোগ এবং জনগণের পারস্পরিক যোগাযোগও এর অন্তর্ভুক্ত
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ কমাতেও সদস্য দেশগুলোর সঙ্গে বিমসটেক কাজ করছে। বিমসটেকের সব সদস্যই জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনের নেতিবাচক প্রভাবের শিকার। এই সংকট মোকাবেলায় অভিযোজনমূলক উদ্যোগ গ্রহণের পাশাপাশি জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ কমানোর কাজও চলছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা নিয়েও আমাদের একটি স্বতন্ত্র সহযোগিতা খাত রয়েছে।
সদস্য দেশগুলোর মধ্যে কার্যকর আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে পারলে তা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবে। শুধু বাংলাদেশ নয়, সদস্যভুক্ত সাতটি দেশের জনগণের কল্যাণ ও উন্নয়নেই কাজ করে যাচ্ছে বিমসটেক— বলেও জানান তিনি।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available