ডেস্ক রিপোর্ট: বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করায় দেশের মানুষ আশাহত হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
১৭ জুলাই শুক্রবার রাতে দিনাজপুরের হিলি বাজারের খাদ্যগুদাম মোড়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, দেশের মানুষ একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছিল, যেখানে প্রশাসন নিরপেক্ষ থাকবে, ঘুষ ছাড়া চাকরি পাওয়া যাবে এবং মেধার যথাযথ মূল্যায়ন হবে। কিন্তু জনগণ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে, তা বাস্তবায়িত হচ্ছে না বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সরকার গঠন করলেও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি রক্ষা করেনি। এ কারণে দেশের মানুষ হতাশ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, ‘জুলাই ঐক্য’ প্রথম ভেঙেছে বিএনপি। একই সঙ্গে তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে।
এ সময় দলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানের পর একটি নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠার প্রত্যাশা ছিল। তিনি দাবি করেন, গণমাধ্যম, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দলীয় প্রভাবমুক্ত হয়ে রাষ্ট্র ও জনগণের স্বার্থে কাজ করবে—এমন প্রত্যাশা এখনও পূরণ হয়নি।
পথসভায় এনসিপির নেতারা দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার কার্যকর করার দাবি জানান।
এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি ১১-দলীয় জোটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সূত্র: সময় টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available