মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করল যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য বহুজাতিক উদ্যোগের প্রস্তুতির অংশ হিসেবে যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন মধ্যপ্রাচ্যে মোতায়েন করছে যুক্তরাজ্য। ৯ মে শনিবার দেশটি এ তথ্য জানিয়েছে।জানা গেছে, ইরান-ইসরায়েল উত্তেজনার সময় সাইপ্রাসের নিরাপত্তায় সহায়তা করতে মার্চ মাসে আকাশ প্রতিরক্ষা সক্ষম এই যুদ্ধজাহাজটি পূর্ব ভূমধ্যসাগরে পাঠানো হয়েছিল।এবার মধ্যপ্রাচ্যে এর পুনঃমোতায়েন এমন এক সময় হলো, যখন ফ্রান্স দক্ষিণ লোহিত সাগরে একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। দুই দেশই গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথে নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ প্রতিরক্ষামূলক পরিকল্পনা নিয়ে কাজ করছে।যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এই মোতায়েন একটি পূর্বপরিকল্পিত পদক্ষেপ, যার লক্ষ্য যুক্তরাজ্যের প্রস্তুতি নিশ্চিত করা। পরিস্থিতি অনুকূল হলে হরমুজ প্রণালী সুরক্ষায় যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে গঠিত বহুজাতিক উদ্যোগে অংশ নেবে এই যুদ্ধজাহাজ।অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমন অবস্থায় হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানা গেছে।এই পরিকল্পনা বাস্তবায়নে ইরানের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন হবে বলেও উল্লেখ করা হয়েছে। এতে একাধিক দেশ অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।সূত্র: বিবিসি, রয়টার্স