নিজস্ব প্রতিবেদক: চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর এটি হবে রাষ্ট্রপতির প্রথম বিদেশ সফর। চিকিৎসা শেষে আগামী ১৭ মে দেশে ফেরার কথা রয়েছে তার।


৭৬ বছর বয়সী রাষ্ট্রপতির সঙ্গে এই সফরে থাকবেন তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা, ব্যক্তিগত চিকিৎসকসহ চার সদস্যের একটি প্রতিনিধিদল। লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন হবে বলে জানা গেছে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে তার কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়।
এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি অভিযোগ করেন, ড. ইউনূসের শাসনামলে তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। তিনি জানান, সিঙ্গাপুরে ফলোআপ চিকিৎসার জন্য আবেদন করলেও তা নাকচ করা হয় এবং প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনার পরামর্শ দেওয়া হয়েছিল।
রাষ্ট্রপতি আরও বলেন, লন্ডনের একটি হাসপাতালেও তার অ্যাপয়েন্টমেন্ট থাকলেও সে সময় বিদেশে যাওয়ার অনুমতি পাননি। তার দাবি, সে সময় তাকে কার্যত বঙ্গভবনে গৃহবন্দি করে রাখা হয়েছিল।
এছাড়া তিনি অভিযোগ করেন, প্রচলিত রেওয়াজ থাকা সত্ত্বেও তাকে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজে অংশগ্রহণ করতেও বাধা দেওয়া হয়েছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available