আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেনচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও ২২ জন গুরুতর আহত হয়েছেন। বাকিরা তুলনামূলকভাবে সামান্য আহত হয়েছেন।
১৯ জুন শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে লন্ডনের সেন্ট প্যানক্রাসগামী ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের (ইএমআর) দুটি দক্ষিণমুখী ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ ‘মেজর ইনসিডেন্ট’ ঘোষণা করে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ইউনিয়নের (আরএমটি) মহাসচিব এডি ডেম্পসি জানান, নিহত ট্রেনচালক ইউনিয়নের সাবেক প্রতিনিধি ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সংগঠনটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর ট্রেনের ভেতরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। যাত্রী ড. পিটার ন্যাপ বলেন, তিনি সামনের বগিতে ছিলেন। বিস্ফোরণের মতো একটি শব্দ শোনার পর চারদিকে ছিটকে পড়া আসন, ধোঁয়া এবং রক্তাক্ত যাত্রীদের দেখতে পান।
আরেক যাত্রী শোলা মেনে বলেন, বড় ধরনের শব্দের পর অনেক যাত্রী আসন থেকে ছিটকে পড়েন। অনেকের মুখমণ্ডলে গুরুতর আঘাত লাগে এবং চারদিকে রক্ত দেখা যায়।
নর্থ্যাম্পটনশায়ারের ওয়েলিংবরো থেকে জন্মদিন উদযাপনের জন্য লন্ডনে যাচ্ছিলেন তেরেসা ইতাবর। তিনি বলেন, বেডফোর্ড স্টেশন ছাড়ার পরই বিকট শব্দ হয় এবং তার মাথা সামনের সিটে আঘাত করে। জ্ঞান ফেরার পর চারদিকে আহত ও রক্তাক্ত যাত্রী দেখতে পান।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ব্রিটিশ পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার বলেছেন, কীভাবে এই সংঘর্ষ ঘটেছে তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।
দুর্ঘটনার পর উদ্ধারকাজে এয়ার অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। আকাশ থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত দুটি ট্রেনের বেশিরভাগ বগি লাইনের ওপর থাকলেও অন্তত একটি বগি লাইনচ্যুত হয়েছে।
দুর্ঘটনার কারণে লন্ডন সেন্ট প্যানক্রাস থেকে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের ট্রেন চলাচল শুক্রবার রাত থেকে স্থগিত করা হয়েছে। ২০ জুন শনিবার পর্যন্ত যাত্রীদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available