• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:০৭:৩১ (08-Jul-2026)
  • - ৩৩° সে:

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিসরকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

৮ জুলাই ২০২৬ সকাল ০৮:০৪:১০

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিসরকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল আর্জেন্টিনা। প্রথমে গোল হজম, এরপর লিওনেল মেসির পেনাল্টি মিস, তার ওপর মিসরের গোলরক্ষক মোহামেদ এল শোবেইরের একের পর এক দুর্দান্ত সেভ—সব মিলিয়ে মনে হচ্ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান বুঝি শেষ হতে চলেছে।

কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় ম্যাচের চিত্র। শেষ ১০ মিনিটে টানা তিন গোল করে ২-০ ব্যবধান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলে মিসরকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

৭ জুলাই মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে মিসর। প্রথমার্ধের শুরুতেই মারওয়ান আতিয়ার কর্নার থেকে ইয়াসের ইব্রাহিমের শক্তিশালী হেডে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা।

গোল হজমের পর আক্রমণে ঝাঁপিয়ে পড়ে আর্জেন্টিনা। ২০তম মিনিটে পেনাল্টি পেলেও লিওনেল মেসির শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক মোহামেদ এল শোবেইর। এরপর ২৮তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড এবং ৪০তম মিনিটে হুলিয়ান আলভারেজের নিশ্চিত গোলের সুযোগও নষ্ট করে দেন তিনি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মিসর।

বিরতির পরও আক্রমণাত্মক ছিল মিসর। ৫৮তম মিনিটে জিকো বল জালে পাঠালেও ভিএআর পর্যালোচনায় আগের ফাউলের কারণে গোলটি বাতিল হয়। তবে ৬৬তম মিনিটে আর ভুল করেননি তিনি। মোহাম্মদ সালাহর দারুণ আক্রমণ থেকে হাইসেম হাসামের ক্রস পেয়ে জিকো গোল করে ব্যবধান ২-০ করেন।

দুই গোলে পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৮১তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে ক্রিস্তিয়ান রোমেরো হেডে ব্যবধান কমান। মাত্র তিন মিনিট পর নিজের পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে সমতায় ফেরান অধিনায়ক লিওনেল মেসি।

সমতায় ফিরেই আক্রমণ চালিয়ে যায় আর্জেন্টিনা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে ডান দিকের ক্রসে এনজো ফার্নান্দেজের হেড জালে জড়িয়ে গেলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

এই গোলের আগে ফাউলের অভিযোগ তুলে ভিএআরের হস্তক্ষেপ দাবি করে মিসরের খেলোয়াড়রা। তবে রেফারি গোল বহাল রাখেন। এ সময় প্রতিবাদ করায় মিসরের কোচিং স্টাফের এক সদস্য লাল কার্ড এবং গোলরক্ষক শোবেইর হলুদ কার্ড দেখেন।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে আর্জেন্টিনা। প্রায় হেরে যাওয়া ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মাধ্যমে ৩-২ গোলের স্মরণীয় জয় তুলে নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে লিওনেল স্কালোনির শিষ্যরা।

সূত্র: এপি, রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us