বিতর্কের মুখে বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা প্রত্যাহার করল ফিফা
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সদস্য দেশগুলোর ব্যাপক বিরোধিতার মুখে পরিকল্পনাটি আর এগিয়ে নেওয়া হবে না বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।ইনফান্তিনো বলেন, “এটি স্পষ্ট যে প্রস্তাবটি ফিফার ভেতরে বিভাজন সৃষ্টি করেছে এবং সংস্থার মূল লক্ষ্য ও সদস্যদের স্বার্থ রক্ষা করছে না। তাই পরিকল্পনাটি আর সামনে এগিয়ে নেওয়া হবে না।”ফিফার প্রস্তাব অনুযায়ী, পুরুষ ও নারী বিশ্বকাপসহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগের সুযোগ দেওয়া হতো। এর বিনিময়ে ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের প্রতিটিকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার করে দেওয়ার প্রস্তাবও ছিল।তবে প্রস্তাবটি প্রকাশের পরই ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাসহ বিভিন্ন মহাদেশীয় কনফেডারেশন এর বিরোধিতা করে। উয়েফা জানায়, পরিকল্পনাটি কার্যকর হলে তাদের সদস্য অ্যাসোসিয়েশনগুলো বিশ্বকাপ বয়কটের বিষয়টিও বিবেচনা করবে।পরবর্তীতে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনক্যাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)ও প্রস্তাবটির বিরোধিতা জানায়।শুধু সদস্য দেশই নয়, ফিফার ভেতর থেকেও এ পরিকল্পনার সমালোচনা ওঠে। ফিফার চিফ অপারেটিং অফিসার কেভিন লামুর অভিযোগ করেন, প্রকল্পটি নিয়ে সংস্থার প্রশাসনকে যথাযথভাবে অবহিত করা হয়নি। অন্যদিকে, ইনফান্তিনোর বৈশ্বিক কৌশল ও সুশাসনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্ডেইরো পরিকল্পনার বিরোধিতা করে পদত্যাগ করেন। তার ভাষায়, এটি ছিল “ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি, যা ভবিষ্যৎকে বন্ধক রাখবে।”আগামী মার্চে মরক্কোতে অনুষ্ঠিতব্য ফিফার ৭৭তম কংগ্রেসে সংস্থাটির নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ধারণা করা হচ্ছিল, জিয়ান্নি ইনফান্তিনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও নির্বাচিত হতে পারেন। তবে সাম্প্রতিক এই বিতর্ক তার অবস্থানকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে।তবে ইনফান্তিনো আশা প্রকাশ করে বলেছেন, ফুটবলের বৃহত্তর স্বার্থে সব সদস্যকে আবারও ঐক্যবদ্ধ করা সম্ভব হবে।সূত্র: এপি, রয়টার্স