স্পোর্টস ডেস্ক: রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে।
শুটআউটে কলম্বিয়ার দুটি পেনাল্টি ব্যর্থ হয়। অন্যদিকে সুইজারল্যান্ডও একটি পেনাল্টি মিস করলেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করে।
২০১৪ সাল থেকে টানা তিনটি বিশ্বকাপে শেষ ষোলোর গণ্ডি পেরোতে পারেনি সুইজারল্যান্ড। এবার সেই বাধা কাটিয়ে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইসরা। ৭২ বছর পর শেষ আটে উঠে তাদের প্রতিপক্ষ হয়েছে আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকেই দুই দলই সতর্ক ফুটবল খেলায় মনোযোগ দেয়। ২১তম মিনিটে পেনাল্টি এলাকার বাইরে থেকে গুস্তাভো পুয়ের্তার বাঁকানো শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল।
এরপর সুইজারল্যান্ড আক্রমণের গতি বাড়ালেও কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস ফ্যাবিয়ান রিডার ও ড্যান এনডোয়ের প্রচেষ্টা প্রতিহত করেন। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও দুই দল কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনো দলই জালের দেখা পায়নি। কলম্বিয়ার তারকা উইঙ্গার লুইস দিয়াজকে পুরো ম্যাচেই কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখে সুইস রক্ষণভাগ। অন্যদিকে শেষ দিকে এনডোয়ের একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কর্নার থেকে জন লুকুমির হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর জামিন্টন ক্যাম্পাজের জোরালো শটও দারুণভাবে রুখে দেন কোবেল। অন্য প্রান্তে সুইজারল্যান্ডের বদলি খেলোয়াড় জেকি আমদুনির শট ঠেকিয়ে দেন কামিলো ভার্গাস। শেষ মুহূর্তেও ক্যাম্পাজ সুযোগ নষ্ট করলে গোলশূন্যই থাকে ম্যাচ।
টাইব্রেকারে প্রথমে ডেভিনসন সানচেজ এবং পরে কুচো হার্নান্দেজ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। সুইজারল্যান্ডের ম্যানুয়েল আকাঞ্জিও একটি শট মিস করেন। তবে শেষ পর্যন্ত গোলরক্ষক গ্রেগর কোবেল কুচো হার্নান্দেজের শট প্রতিহত করার পর রুবিন ভার্গাস জয়সূচক পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে ঐতিহাসিক জয় এনে দেন।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনা। শেষ ষোলোর অন্য ম্যাচে লিওনেল মেসির দল নাটকীয় প্রত্যাবর্তনে মিশরকে ৩-২ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে।
সূত্র: এপি, রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available