আর্জেন্টিনাকে বিদায় বললেন নিকোলাস ওতামেন্দি
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে দীর্ঘ অধ্যায়ের ইতি টানলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।গত মার্চ মাসেই ওতামেন্দি জানিয়েছিলেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষেই জাতীয় দলকে বিদায় জানাবেন। সেই ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়টি নিশ্চিত করেন সাবেক ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার।দীর্ঘ সময় ধরে আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন ওতামেন্দি। জাতীয় দলের হয়ে তিনি কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং ফিফা বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেন। আগ্রাসী ডিফেন্ডিং, অভিজ্ঞতা ও লড়াকু মানসিকতার জন্য তিনি আলবিসেলেস্তেদের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত ছিলেন।২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার আট ম্যাচের মধ্যে মাত্র একটিতে শুরুর একাদশে সুযোগ পান ওতামেন্দি। তবে টুর্নামেন্টজুড়ে সাতটি ম্যাচে মাঠে নামেন তিনি। ফাইনালে লিসান্দ্রো মার্তিনেজের বদলি হিসেবে মাঠে নেমেই আকাশি-সাদা জার্সিতে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্তের সাক্ষী হওয়া ওতামেন্দির বিদায়ে আর্জেন্টিনা ফুটবলের একটি সফল অধ্যায়ের সমাপ্তি ঘটল।