স্পোর্টস ডেস্ক: ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ দিকে টানা তিন গোল হজম করে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর বাধা পেরোতে পারেনি মিশর। নাটকীয় এই হারের পর রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দলটির প্রধান কোচ হোসাম হাসান।
৭ জুলাই মঙ্গলবার আটলান্টায় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোসাম হাসান অভিযোগ করেন, মাঠের কিছু বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে। তার দাবি, মিশর ম্যাচে ভালো খেললেও গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা ন্যায্য সিদ্ধান্ত পায়নি।
মিশর কোচ বলেন, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে ভালো খেলেছি। প্রায় সব বিভাগেই এগিয়ে ছিলাম। কিন্তু মাঠের ভেতরের কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরের কিছু বিষয় ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।’
ফিফা ও রেফারিং নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘হয়তো তারা চেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্টে টিকে থাকুক। হয়তো তারা চেয়েছিল লিওনেল মেসি বিশ্বকাপে আরও এগিয়ে যাক। আমাদের বলির পাঁঠা বানানো হয়েছে।’ তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
হোসাম হাসানের অভিযোগের কেন্দ্রবিন্দু ছিল ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। তার দাবি, আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের একটি ফাউল উপেক্ষা করা হয়। তিনি বলেন, রেফারি কিংবা ভিএআর—কেউই ঘটনাটি পর্যালোচনা করেননি।
এছাড়া প্রথমার্ধে ভিএআরের মাধ্যমে মিশরের একটি গোল বাতিল হলেও দ্বিতীয়ার্ধে মোহাম্মদ সালাহর ওপর বক্সের ভেতরে ফাউলের অভিযোগ পর্যালোচনা করা হয়নি বলেও দাবি করেন তিনি।
রেফারি নিয়োগ নিয়েও আপত্তি ছিল জানিয়ে হোসাম হাসান বলেন, ফ্রান্স ও আর্জেন্টিনার সাম্প্রতিক ফুটবল প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি বিবেচনায় রেখে তারা ফরাসি রেফারি নিয়োগের বিরোধিতা করেছিলেন। তবে সেই আপত্তি আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তবে ম্যাচ শেষে ফিফা কিংবা ম্যাচ অফিসিয়ালদের পক্ষ থেকে হোসাম হাসানের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র: ইএসপিএন, এপি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available