ডেস্ক রিপোর্ট: নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার স্থায়ী কমিটির বৈঠকে বসছে বিএনপি। দলীয় সূত্র বলছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন এবং এ বিষয়ে দলের অবস্থান ও করণীয় নিয়ে আলোচনা হতে পারে।
১ আগস্ট শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে রাষ্ট্রপতি নির্বাচন।
দলীয় সূত্রের দাবি, চলতি আগস্টের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ প্রেক্ষাপটে রাষ্ট্রপতি পদে দল কাকে মনোনয়ন দেবে, সে বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে।
তবে স্থায়ী কমিটির একাধিক নেতার মতে, রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে শেষ সিদ্ধান্ত দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপরই ছেড়ে দেওয়া হতে পারে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে।
বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন কায়সার কামাল। এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তার সঙ্গে সাক্ষাৎ করেন।
বিএনপির স্থায়ী কমিটির অন্তত তিন সদস্যের সঙ্গে আলোচনায় সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে কয়েকজনের নাম উঠে এলেও দলটির জ্যেষ্ঠ নেতারা এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।
দলটির নীতিনির্ধারকদের মতে, রাষ্ট্রপতির পদ শুধু আনুষ্ঠানিক নয়; সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় এ পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দলটি সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে চায়।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
সূত্র: দেশ রূপান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available