• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:৫৩:৫২ (01-Aug-2026)
  • - ৩৩° সে:

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১ আগস্ট ২০২৬ সকাল ১১:০৩:২৫

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্ট: সারা দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্তি ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ ১ আগস্ট শনিবার থেকে এ নির্দেশনা কার্যকর হচ্ছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো গণপরিবহনে জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে ওই যানবাহনের নতুন নিবন্ধন (রেজিস্ট্রেশন), ফিটনেস সনদ প্রদান কিংবা নবায়ন করা হবে না।

বিআরটিএ জানিয়েছে, গণপরিবহনের চলাচল পর্যবেক্ষণ, রুট ব্যবস্থাপনা উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২৮ জুলাই জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ প্রদান বা নবায়নের সময় জিপিএস সংযুক্তির প্রমাণপত্র এবং সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে ডিভাইস সচল থাকার তথ্য দেখাতে হবে। সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ দেওয়া বা নবায়ন করা হবে। শুধু ডিভাইস স্থাপন করলেই হবে না, সেটি সার্বক্ষণিক সচল রাখতেও হবে।

বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, নতুন গাড়ি নিবন্ধনের জন্য আসার সময়ই জিপিএস সংযুক্ত থাকতে হবে। একইভাবে ফিটনেস নবায়নের ক্ষেত্রেও ডিভাইসটি সচল রয়েছে কি না, তা বিআরটিএর ব্যবস্থার মাধ্যমে যাচাই করা হবে।

তবে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, উদ্যোগটি ইতিবাচক হলেও নির্ধারিত সময়ের মধ্যে দেশের সব গণপরিবহনে জিপিএস পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে না।

সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জিপিএস স্থাপনের বিষয়ে চুক্তি হয়েছে। তবে সব গাড়িতে ১ আগস্ট থেকেই ডিভাইস সচল করা সম্ভব নয়। এজন্য আরও কিছু সময় প্রয়োজন।

সংশ্লিষ্টদের মতে, জিপিএস চালু হলে বাসের অবস্থান, গতি ও নির্ধারিত রুট তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে অতিরিক্ত গতিতে চালানো, অনুমোদিত রুটের বাইরে চলাচল এবং যত্রতত্র যাত্রী ওঠানামার মতো অনিয়ম নজরদারির আওতায় আসবে।

ভবিষ্যতে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা ও যাত্রীবান্ধব মোবাইল অ্যাপ চালু হলে যাত্রীরা বাসের বর্তমান অবস্থান ও সম্ভাব্য পৌঁছানোর সময় জানতে পারবেন। এতে অপেক্ষার সময় কমবে এবং গণপরিবহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।

এ ছাড়া দুর্ঘটনার তদন্তে বাসের অবস্থান, গতি ও চলাচলের তথ্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। বাসমালিকরাও তাদের যানবাহনের চলাচল পর্যবেক্ষণ করে বহর ব্যবস্থাপনা উন্নত করতে, জ্বালানি অপচয় কমাতে এবং রুটের বাইরে চলাচল নিয়ন্ত্রণ করতে পারবেন। বাস চুরি বা ছিনতাইয়ের ঘটনাতেও দ্রুত অবস্থান শনাক্ত করা সহজ হবে।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, শুধু প্রযুক্তি ব্যবহার করলেই কাঙ্ক্ষিত সুফল মিলবে না। এর পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কার, কার্যকর তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।              

সূত্র: চ্যানেল২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২
আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২
১ আগস্ট ২০২৬ সকাল ১১:২৭:২৩

চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা
চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা
১ আগস্ট ২০২৬ সকাল ১১:১১:৫৮